ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৭ ১৬:৫৭:৩৫


ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের আরও ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে একেএম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকম, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশ, মো. তওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ, সারদা, রেজাউল করিম মল্লিককে ডিআইজি, ঢাকা রেঞ্জ ও ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি, এসপিবিএনে বদলি/ পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৩ মার্চ ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে হঠাৎ সরিয়ে দেওয়া হয় ডিআইজি রেজাউল করিম মল্লিককে। দীর্ঘদিন তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত রাখা হয়।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন তিনি।

বিএইচ