প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না: উপদেষ্টা রিজওয়ানা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৫ ১৬:০৬:২২


প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন হলে সেই উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৪ মে) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

‘ইন্ট্রোডাকশন টু ফিন্যানসিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টস্‌ ফর ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করে বন কেটে, পাহাড় কেটে রেললাইন নির্মাণকে উন্নয়ন ভাবি, তাহলে আমরা ভুল পথে চলছি। এ ভুল পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, উন্নয়ন বরাদ্দ সহযোগিতা যতই আসুক, যদি আমরা প্রকৃতিকে সংরক্ষণ না করি তাহলে তা যথেষ্ট হবে না। যদি আমরা অভিযোজন এবং প্রশমন উভয় ক্ষেত্রেই পর্যাপ্ত বিনিয়োগ না করি।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ চুক্তি (ইউএনএফসিসিসি) এবং প্যারিস চুক্তির অধীনে যেসব দেশের আমাদের অর্থ দেয়ার কথা, তারা এখন ‘নেচার-বেসড্‌ সলিউশন’ বা প্রকৃতিনির্ভর সমাধানের কথা বলছে, অথচ প্রকৃত অর্থ বরাদ্দ করছে না। তারা বলছে, তোমরা নিজেদের প্রস্তুত করো, প্রকৃতি রক্ষা করো, যাতে দুর্যোগে টিকে থাকতে পারো। কিন্তু তারা নিজেদের দায় কমিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে। এটি কোনো গ্রহণযোগ্য সমাধান নয়।

প্রকৃতি ও বন রক্ষার ক্ষেত্রে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে জানিয়ে তিনি বলেন, একটা সুবিধার বিষয় হচ্ছে, বাংলাদেশ সরকার ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। যেখানে সিডা, এডিবি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা সহায়তা করছে। আমরা চাই এই প্রক্রিয়াটি ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকরভাবে শুরু হোক। ইতোমধ্যে আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গেও বসতে যাচ্ছি।

এম জি