জাতীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরানোই এ সরকারের মূল লক্ষ্য: পরিকল্পনা উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৯ ২০:৪৭:০৯


পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার দরকার অন্তর্বর্তী সরকার কেবল সেগুলোই সংস্কার করতে চায়। দেশকে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে তারা বদ্ধপরিকর। জাতীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরানোই এ সরকারের মূল লক্ষ্য।

সোমবার (১৯ মে) বিকেলে বরিশাল শহরের সার্কিট হাউজে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের চারটি বছর নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময় উল্লেখ করে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, দাবি-দাওয়া গঠনমূলকভাবে কর্তৃপক্ষের মাধ্যমে তুলে ধরতে হবে। অর্থ সংস্থানের অভাব আছে জানিয়ে কোনো কিছু রাতারাতি পরিবর্তন হয় না বলেও মন্তব্য করেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা জানান, মেগা প্রকল্প করে পরের সরকারের ওপর চাপিয়ে দিতে চায় না অন্তর্বর্তী সরকার। অগ্রাধিকারের ভিত্তিতে মাঝারি ও ছোট প্রকল্প বাস্তবায়নের দিকে সরকার মনযোগী।

দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের মূল অগ্রাধিকার ফিরিয়ে দেয়া হবে এমন মন্তব্যও করেন উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে আইনের প্রতিষ্ঠা, প্রশাসনিক সুশাসন ও পুলিশ বিভাগের কার্যকরতা ফিরিয়ে আনা। পাশাপাশি, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করাও আমাদের অঙ্গীকার।

উপদেষ্টা বলেন, সবাই কেন মনে করছেন এই অল্প সময়েই অতীতের সব পুঞ্জীভূত দাবি মেটাতে হবে, তা আমি বুঝতে পারি না। একটি দায়িত্বশীল নির্বাচিত সরকার আসবে, তারা আরও সংবেদনশীল হবে। দয়া করে একটু ধৈর্য ধরুন।

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পটির প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না, তবে এটি ভবিষ্যৎ সরকার গ্রহণ করলে আরও যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হবে। ভোলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে বিপুল গ্যাস মজুদ রয়েছে। অথচ আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়িয়েছি। সময়মতো উত্তোলন শুরু করলে আজ গ্যাস সংকট থাকত না।

সভায় বরিশালের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিলোয়ার হোসেন।

বিএইচ