দুর্নীতি শোষণের হাতিয়ার, এর শিকার হচ্ছেন সাধারণ মানুষ: দুদক কমিশনার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৯ ২১:১৭:২৮


দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেছেন, দুর্নীতি শোষণের হাতিয়ার, এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি এখন আর শুধু জনপ্রতিনিধি, নেতা, সরকারি কর্মকর্তার মধ্যে নেই, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৯ মে) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এ গণশুনানি হয়।

তিনি বলেন, দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে।

দুদক কমিশনার বলেন, যারা ঘুষ খায়, তারা অমানুষ। তিনি নিজের পরিবার, আত্মীয়-স্বজনকে অসম্মান করছেন। ঘুষ দেবেন না, চিৎকার করুণ, প্রতিবাদ করুন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। এক সময় দুদকের আর দরকার হবে না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আলোচনার আগে বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।

বিএইচ