সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি কারাগারে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২০ ১৫:০৩:০২
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করে। এর সূত্র ধরে আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন লায়লা পারভীন সেঁজুতি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













