ঈদযাত্রা: ১ জুনের ট্রেনের টিকিট বিক্রি চলছে আজ

আপডেট: ২০২৫-০৫-২২ ১০:০৪:৫৩


মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চলছে।

শতভাগ অনলাইলের মাধ্যমে পশ্চিমাঞ্চলে চলাচল করা যাত্রীরা সকাল ৮টা থেকে  সব আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে পারছেন। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে।  এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার ঈদে পাঁচ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে।

এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এর আগে গতকাল প্রথম দিন বিক্রি হয়েছে ৩১ মের টিকিট। এরপর ১ থেকে ৬ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে।

আবার ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল ২৩ মে বিক্রি করা হবে ২ জুনের টিকিট। এছাড়া ৩ জুনের টিকিট সংগ্রহ করা যাবে ২৪ মে। ২৫ মে ৪ জুনের টিকিট ছাড়া হবে।

২৬ মে ও ২৭ মে দেওয়া হবে যথাক্রমে ৫ ও ৬ জুনের টিকিট। একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ ১ বার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

এনজে