জুবাইদা রহমানের আপিলের রায় বুধবার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৬ ১৭:৪৬:৪১


দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিলের রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৬ মে) শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া।

২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত করে সরকার।

১৭ বছর পর গত ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।

এরপর ১৪ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জুবাইদা রহমানকে জামিন দেন। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

এর আগে ১৩ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানকে আপিলের অনুমতি দেন হাইকোর্ট। এ জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে তার করা আবেদনও মঞ্জুর করেন আদালত।

বিএইচ