মেয়রের দায়িত্ব না দিলে ঈদের পর আবারো মাঠে নামার হুঁশিয়ারি ইশরাকের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০৩ ১৬:৪৭:৩৪


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ভোটার ও জনগণকে সঙ্গে নিয়ে শপথের মাধ্যমে নিজেই মেয়রের চেয়ারে বসার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (৩ জুন) টানা আন্দোলনে একাত্মতা ও নতুন কর্মসূচি ঘোষণা করতে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

ঈদকে সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ইশরাক জানান, তাকে মেয়রের দায়িত্ব প্রদানের দাবি না মানা হলে ঈদের পর আবারো মাঠে নামা হবে।

ইশরাক হোসেন বলেন, এই নগর ভবন বিগত দুই সপ্তাহ ধরে আমাদেরই নিয়ন্ত্রণে ছিল। এই শপথ কার্যক্রম যদি তারা নাও পড়ায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি। দুই মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারবার আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পড়ে দায়িত্ব আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না।

তিনি বলেন, যেহেতু আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষে বিশেষ করে আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। আমরা চাই না কোনো বাজে উদাহরণ সৃষ্টি হোক।

বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে এই শপথ গ্রহণের ব্যাপারে ব্যবস্থা না করেন; তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে আমি আমার চেয়ার গ্রহণ করবো। নগর ভবন কীভাবে চলবে, সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।

ইশরাক বলেন, আমাকে শপথ না পড়িয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। শপথ নিয়ে টালবাহানা করার মাধ্যমে কয়েকজন উপদেষ্টার মুখোশ উন্মোচন হয়েছে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এএ