ফাঁসির রায় হয়েছিল ভয় পাইনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন: এটিএম আজহারুল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-১২ ১৫:৪৩:৪৮


সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মিথ্যা মামলায় কারাবরণের মধ্যদিয়ে তার মুখ বন্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ফাঁসির রায়ও দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও ভয় পাইনি। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন।

বৃহস্পতিবার ( ১২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, এখন মুক্ত বাংলাদেশে সত্যের পক্ষে উচ্চস্বরে কথা বলে বাকি জীবনটা ন্যায় সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।

জামায়াত নেতা আজহারুল ইসলাম বলেন, ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের মূল্য সবাইকে দিতে হয়েছে। ৫ আগস্ট আমরা মুক্ত হয়েছি। এখনো ষড়যন্ত্র চলছে, শকুনের মতো কিছু শক্তি দেশ দখলের জন্য ওঁৎ পেতে আছে। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান তিনি।

এ সময় তিনি বিগত সময়ে যেসব আলেম-ওলামাদের ফাঁসি দেয়া হয়েছে তা অন্যায়ভাবে হয়েছে। তাই ওইসব রায়ের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান আজহার।

মিথ্যা সাক্ষ্য আর বিচারপতিরা বিবেক বিক্রি করে অপরাধের নাটক সাজিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিলো বলে অভিযোগ করে তিনি বলেন, এখন মুক্ত দেশে অপরাধের এসব সংস্কৃতি থেকে বেরিয়ে সংস্কার পরবর্তী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। নির্বাচন কবে জানি না। তবে যদি আগামী এপ্রিলের মধ্যে সংস্কার সম্পন্ন হয় তবে আমরা চাই ওই এপ্রিলের মধ্যেই যেন নির্বাচনের কাজ শুরু হয়। এবারের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোট বিপ্লবের মাধ্যমে সৎ ও যোগ্যদের ক্ষমতায় আনার কথা জানান তিনি।

নিজ সংসদীয় আসন বদরগঞ্জ-তারাগঞ্জের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি জানান সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আগামী নির্বাচনে নিজের জন্য ভোট প্রার্থনাও করেন তিনি।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় কারাভোগের পর প্রায় ১৪ বছর পর এটিএম আজহারুল ইসলামকে নিজ এলাকায় পেয়ে খুশি নিজ দলের কর্মী সমর্থকরা।

বিএইচ