যারা একটি আসনেও জিতবে না, তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায়: বাবুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৯ ২১:২০:২৭


জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনেও জয়ী হওয়ার সক্ষমতা নেই—এমন রাজনৈতিক দলগুলোই বর্তমান নির্বাচনী পদ্ধতি পরিবর্তন করে প্রতিনিধিত্বের আনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

মঙ্গলবার( ৮ জুলাই) মেলান্দহ উপজেলা বিএনপির কার্যালয়ে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, “যারা একটি আসনেও জয়ী হতে পারবে না, তারাই নির্বাচন পেছাতে চায়, পিআর পদ্ধতির কথা বলে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তোলে। তারা চায় জাতীয় নির্বাচন বিলম্বিত করে ড. ইউনুসকে দীর্ঘদিন ক্ষমতায় রাখা।”

তিনি আরও বলেন, “বিএনপি গত ১৫ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে। আমরা চাই জাতীয় নির্বাচন আগে হোক। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে। তবে বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।”

সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জু, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা গোলাম হাফিজ নাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিএইচ