বদিউল আলম মজুমদার

স্বৈরাচার বিতাড়িত হলেও স্বৈরাচারী ব্যবস্থা রয়ে গেছে

আপডেট: ২০২৫-০৭-১২ ২০:৪৭:৪৪


স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১২ জুলাই) দুপুরে দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক ল্যানিং সেন্টারে নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। সচেতন, সংগতি ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষ নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক- সনাক।

বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমাদের মুক্ত হতে হলে কতগুলো পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। বিভিন্ন ক্ষেত্রে কতগুলো মৌলিক সংস্কার করতে হবে। আমরা মনে করি নির্বাচন, সংবিধান, স্থানীয় সরকার, ও শাসন ব্যবস্থায় সংস্কার দরকার। আশা করি খসড়া জাতীয় সনদের ব্যাপারে মানুষ মতামত জানাবে এবং জনমত সৃষ্টি হবে। যেটা সরকারকে এই বার্তা দেবে যে জনগণের মতামত ও সুপারিশগুলো যেন বাস্তবায়িত হয়। যার মাধ্যমে স্বৈরাচারের পুনবর্তন যেন চিরতরে অবসান ঘটে।

পরে অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থা আবারো যেন না জেকে বসে, স্বৈরাচার সরকার যেন আবার ফিরে না আসে, সেই জন্য সরকার ১১টি সংস্কার কমিটি করেছে। এর মধ্যে ৬টি সংস্কার কমিটির প্রধানদের নিয়ে ঐক্যমত কমিশন গঠন করেছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত সৃষ্টি হবে। যার প্রেক্ষিতে একটি জাতীয় সনদ তৈরি এবং তা স্বাক্ষরিত হবে।

সনাক দিনাজপুর জেলার সভাপতি বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে সংলাপে কেন্দ্রীয়, রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিএইচ