দেশে কোরআনের আইন ছাড়া প্রকৃত শান্তি আসবে না: জামায়াত আমির
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৭-২২ ১৫:৩২:৪০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশে কোরআনের আইন ছাড়া প্রকৃত শান্তি আসবে না। আমরা কোরআনের শাসন চাই, আল্লাহর বিধানই মানবজাতির মুক্তির পথ।’
মঙ্গলবার (২২ জুলাই) খুলনার দাকোপে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা অনেক শাসন দেখেছি, যারা শাসক ছিল না, ছিল শোষক। আমরা আল্লাহর শাসন চাই।’
সমাবেশে তিনি সদ্য সংঘটিত উত্তরা বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণ করে দোয়া করেন। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
এর আগে ডা. শফিকুর রহমান নিহত মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত ১৯ জুলাই ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ। এ সময় আহত হন আরও দুই কর্মী, যারা বর্তমানে চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













