রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ১১
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৭-২৫ ০৮:৫৬:৫৭
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১১ জন, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নতুন বন্দর স্থলবন্দরের পাশের সীমান্তবর্তী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বলু মিয়া (৫৫) এবং ফুলবাবু (৫০)। তারা সবাই শাহাজাহান মিয়া, আপেল মিয়া (৪০) পক্ষের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার অনুসারীরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী রূপ নেয়। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ‘সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













