খাইরুল হক ফ্যাসিবাদের উত্থানের সর্বোচ্চ সুযোগ করে দেয় : মাহবুব খোকন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-২৫ ১৮:৫৮:২৭


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফ্যাসিবাদের সর্বোচ্চ উত্থানের সুযোগ করে দেয়, তার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে পিতম্বরপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাহবুব খোকন বলেন, যারা নির্বাচন চায় না, তারা পিআর চায়। কারণ তারা তারেক জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটকে ভয় পায়। তাই তারা ভোটে আসতে চায় না।

তিনি বলেন, দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। তারেক রহমান ডাক দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসছে। তখন আর কোনো পথ খোলা থাকবে না।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম, মাসুদের রহমান, দেলোয়ার হোসেন পিন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ইসমাইল হোসেন, সাবেক সভাপতি দীন মোহাম্মদ খোকন।

বিএইচ