চট্টগ্রামে সড়কে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৭-২৬ ০৮:২০:১৭


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের সিকদারদিঘীর পূর্ববপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) ও তাদের নিকটাত্মীয় করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তারা তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। এ সময় কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকার পার্শ্ববর্তী সড়ক থেকে একটি অটোরিকশা উঠছিল। এসময় ট্রাকটি ছিল কক্সবাজারমুখী ও মোটরসাইকেলটি চট্টগ্রামমুখী ছিল।

তিন গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনজে