দিনাজপুরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে পুলিশের ধাওয়া, আটক ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-০২ ০৯:৩৪:৪৩


দিনাজপুরের কাহারোলের ২ নম্বর রসুলপুর ইউনিয়নের কাকড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার চেষ্টা চালিয়েছিল ক্যাডাররা। বিষয়টি টের পেয়ে সেখানে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছে শুকনো খাবার, কাপড়, একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার নামে একটি ব্যানার যাতে লেখা ছিল ‘গণতন্ত্রের পথ ধর, ফ্যাসিস্ট ইউনূসকে বিদায় কর’।

এ বিষয়ে কাহারোল থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পুলিশ ধাওয়া করে আসাদ ও আরিফ নামে দুজনকে আটক করে। তাদের দুজনের বাড়ি দিনাজপুর শহরে বলে জানা গেছে।

কাহারোল থানার ওসি রুহুল আমীন বলেন, ছাত্রলীগ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এনজে