নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৮-০৬ ১০:৫৯:৫৮


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদিশপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদিশপুর স্থানে এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন।

নিহতরা হলেন, ফয়জুন নেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মীম (২) ও লামিয়া (৯)।

নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের বাসিন্দা। ওই গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন পরিবারের লোকজন নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায় বলে জানা গেছে।

তিনি বলেন, খবর পেয়ে তিন শিশু ও চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ ওই গাড়িতে মোট ১২ জন ছিলেন। চালক পালিয়ে গেলেও বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই প্রবাসী বাহার উদ্দিনের নিজের পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন ছিলেন। প্রবাসী বাহার উদ্দিন বেঁচে আছেন।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ স্বজনরা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। এরমধ্যে প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী কবিতা ও মেয়ে মিমও রয়েছেন। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। সাতটি মরদেহসহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনজে