ভোলায় দুই ভাইকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-০৭ ১০:০৬:০৮


চরফ্যাশনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুমের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আসলামপুর ইউনিয়নের মো. বেল্লাল (৩৭), দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর মানিকার ইউনিয়নের মো. সালাউদ্দিন (৩০) ও একই ইউনিয়নের শরিফুল ইসলাম।

এছাড়াও মো. আবুল কাসেমকে ৫ মাসের ও মো. আবু মাঝিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০২১ সনের ৭ এপ্রিল জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে গলা কেটে হত্যার পর পেট্রোল দিয়ে মরদেহ পুড়িয়ে গুমের চেষ্টা করেন অভিযুক্ত ৫ আসামি। ঘটনার একদিন পর পুলিশ সুন্দরী খাল এলাকার একটি বাগান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করে। তরে মরদেহ থেকে বিচ্ছিন্ন দুটি মাথা খুঁজে পায়নি পুলিশ। পরে পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এবং শরিফুলকে গ্রেপ্তারের পর খুনের রহস্য উদঘাটন হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সেপটিক ট্যাংক থেকে দুইটি মাথার খুলি উদ্ধার করা হয়।

চরফ্যাশনের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনের মধ্যে ১ জন জেলহাজতে। অপর দু’জন পলাতক রয়েছে।