গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-০৮ ০৯:৫৬:২৯


গাজীপুরে চান্দনায় বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন (৫০) নামে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার চৌরাস্তা এলাকার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে নিহতের বড় ভাই সেলিম ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা গ্রামের শহীদ রওশন সড়ক এলাকার বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তুহিন। রাতে তিনি চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় সংবাদের জন্য তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ৬-৭ জন যুবক ধারালো দা ও চাপাতি নিয়ে তাকে জনসন্মুখে ধাওয়া করে। পরে তিনি প্রাণ রক্ষার জন্য দৌড়ে পাশের চা-পান বিক্রেতা খায়রুল ইসলামের দোকানে গিয়ে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে, গলা, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কোপায়। এতে তার গলার কিছু অংশ কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে ঘটনার সময় স্থানীয় কলকারখানা ছুটি হওয়ায় আশপাশে বহু লোকজন উপস্থিত থাকলেও তাকে বাঁচাতে ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের পর সেখান থেকে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, ‘সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এনজে