সাংবাদিক তুহিন হত্যা মামলার সর্বশেষ আসামী আরমান গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-১২ ১৩:৪১:০৬


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার জড়িত থাকার অভিযোগে সর্বশেষ আসামী আরমানকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (ডিসি, ক্রাইম-উত্তর) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক তুহিন হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার (৮ আগস্ট) সকালে নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম অজ্ঞাতদের আসামী করে বাসন থানায় মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ আসামীসহ ৮ জনকে গ্রেফতার করে।

উপ-কমিশনার (ক্রাইম-উত্তর) রবিউল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত অবস্থায় দেখা যাওয়া ওই আসামির আরমান। সে সাংবাদিক তুহিন হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামী। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেন নি তিনি। রাজধানীর কোন এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এ মুহুর্তে জানানো সম্ভব নয় বলে তিনি জানান। পরে বিস্তারিত সব তথ্য জানানো হবে।

তিনি আরো বলেন, মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ও পরিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনারের ড. নাজমুল করিমের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে। এদিন বিকেল ৩টায় সাংবাদিক তুহিনের স্ত্রী ও পরিবারের সদস্যরা গাজীপুরের সাংবাদিকের সঙ্গে কথা বলবেন বলেও জানানো হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে গাজীপুর মহানগরীর চান্দানা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে আসামীরা। সাংবাদিক তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ’র গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তুহিন গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই ছেলে তৌকির হোসেন তৈকি (৫) ও আবদুল্লাহ আল ফাহিম (৩)। সে সাংবাদিকতার পাশাপাশি একটি ইউনানী ওষুধ কোম্পানীর গাজীপুরের ডিলার ছিলেন।

এনজে