সালাম তালুকদারের জন্য দোয়া মাহফিলের আয়োজন

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৮-২১ ২২:১৮:৪২


বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে তেজগাঁও কলেজ শাখার ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতির সংসদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল আওয়াল রনির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ছাত্র দলের সহ-সভাপতি এবি এম ইজাজুল কবির রুয়েল, শাহজাহান শাওন, অলিউজ্জামান সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুন, সদস্য সচিব সেলিম হোসেন।

এসময় ছাত্র দলের সহ-সভাপতি এবি এম ইজাজুল কবির রুয়েল বলেন, ব্যারিস্টার আবদুস সালাম এমন একটা নাম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য সারাজীবন ব্যয় করে গিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই জাতি গঠনের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি এই জাতি থেকে কিছু নিতে আসেনি, বরং দিতে এসেছে।

তিনি আরও বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদাররা যে পথ আমাদের দেখিয়ে গেছেন, সেটা আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের সাহসের বাতিঘর।

বিএইচ