প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-২২ ০৮:৪৬:০৬
ঢাকা-মাওয়া এক্সপ্রসওয়েতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী।
এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতিলা গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম মিয়া। গুরুতর আহত হন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইমন।
এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে নম্বরবিহীন একটি লাল রঙের মোটরসাইকেলে করে চার জন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। নিমতলা গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় অপরদিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন একজন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক বলেন, ‘নিহতরা সবাই টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে চার জন একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













