গোপালগঞ্জে একসঙ্গে আ.লীগের ৮ নেতার পদত্যাগ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-২২ ১৪:০১:৪৮
গোপালগঞ্জে এবার একসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া সবাই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী।
পদত্যাগকারী নেতারা হলেন— ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার, ননীক্ষির ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আট আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ মৌলিক।
সংবাদ সম্মেলনে মনোজ মৌলিক বলেন, ‘আমরা ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সব পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।
আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবে না।’
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













