মুন্সিগঞ্জ জেলা ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক রুবেল, সদস্য সচিব ইদ্রিস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৪ ১৯:১১:৫০


জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় গঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) ছয় মাস মেয়াদি মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে মো: রুবেল ইসলাম খানকে আহ্বায়ক এবং ইদ্রিস হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- সাইফুল ইসলাম, মো: সোয়াইব আল আজাদ। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন- জোবায়ের আহমেদ, আ: রাজ্জাক।

৪৩ সদস্যবিশিষ্ট নবগঠিত এ আহ্বায়ক কমিটির মাধ্যমে মুন্সিগঞ্জে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং মানবিক ছাত্র ও যুব রাজনীতির ভিত্তি রচনা করতে চায় ‘আপ বাংলাদেশ’।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, “মুন্সিগঞ্জ জেলার তরুণদের সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলতে চাই গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে একটি বলিষ্ঠ সামাজিক শক্তি।”

দ্রুতই জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানায় সংগঠনটি।

বিএইচ