সিরাজগঞ্জে যুবলীগ নেতা আটক
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৮-২৫ ০৮:৪৮:১০
সিরাজগঞ্জের কাজিপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ওই নেতাকে আদালতে প্রেরণ করেছে।
রবিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
গ্রেপ্তার জিয়াউর রহমান উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।
তিনি দুবলাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, রবিবার সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে যান জিয়াউর রহমান। এসময় খবর পেয়ে স্থানীয় জনতা তাকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকিয়ে বাইরে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনার বর্ণনা দিয়ে জিয়াউর রহমান সকালে তার নিজস্ব ফেসবুক থেকে একটি লাইভ করেন। সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। এসময় প্রশাসনের সহযোগিতাও চান তিনি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম রাতে বলেন, ‘স্থানীয়রা জিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।
পরে তাকে থানায় নিয়ে আসা হয়। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













