চার্জে দেওয়া অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-২৭ ১৩:২৯:৩৮


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুধবার ভোরে চার্জে দেওয়া অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা খাতুন।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল।

ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় থাকা ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনজে