মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৮-৩০ ০৯:০১:৩৫
নীলফামারীর ডোমারে শুক্রবার দুপুরে কেতকীবাড়ী ইউনিয়নের কেতকীবাড়ী তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা আকতার (৬) ও প্রতিবেশী তাহেরুলের ছেলে তৌফিক আলী (৬) পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, একইসঙ্গে তিনি বন্ধু মিলে একটি ছেঁড়া মশারি নিয়ে নদীতে মাছ ধরতে গেলে এ সময় ওই দুই জন পানিতে ডুবে যাওয়ায় সিয়াম (৭) নামের আরেকটি শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদী থেকে তৌফিক ও হুমায়রাকে উদ্ধার করেন। পরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দুপুরে সিয়ামসহ তিন শিশু পরিবারের লোকজনের অজান্তে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়। এতে দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে শিশুদের দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













