ধর্ষণ ও অপহরণ মামলায় কুড়িগ্রামে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-০৩ ১০:১৩:০২


কুড়িগ্রামে এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন রুবেল (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার এবং আদালতের বেঞ্চ সহকারী এরশাদ আলী। সাজাপ্রাপ্ত রুবেল নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১৪ মার্চ রুবেল অষ্টম শ্রেণির এক কিশোরী শিক্ষার্থীকে (১৩) অপহরণের পর ধর্ষণ করেন। এর আগে রুবেল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মেয়ের পরিবার রুবেলের পরিবারকে জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান।

ঘটনার পর শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারকার্য শেষে আদালত এই রায় দেন।

বেঞ্চ সহকারী এরশাদ আলী জানান, রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

এনজে