চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের যাবজ্জীবন

প্রকাশ: ২০১৭-০৩-০৭ ১৫:২৩:৩৪


Karagarচাঁপাইনবাবগঞ্জে জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৪) জেলার সদর উপজেলার জোহুরপুর বকরিপাড়ার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানান, ২০০৯ সালের ৭ জুলাই র‌্যাব-৫ রাজশাহীর একটি দল জোহুরপুর বকরি পাড়ায় একটি বাড়িতে দুপুর একটার দিকে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তুল, দুইটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি জব্দ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ওই এলাকায় হারুন মিস্ত্রির শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরের পাশের মাটির নিচ থেকে লুকানো অবস্থায় ছয়টি ওয়ান শুটার গান ও ১০টি গুলি জব্দ করে পুলিশ।
এ ঘটনায় র‌্যাব-৫ রাজশাহীর এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে আটক হারুন মিস্ত্রির বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছর ৬ আগস্ট সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।