নড়াইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-১৫ ০৯:৫৩:২৯
নড়াইলের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন প্রাণ হারিয়েছেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে পুলিশ জানায়, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে ভেতরে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন।
গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য। তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় অবস্থার অবনতি হতে থাকে।
পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তিনি মারা যান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













