ভোমরায় পূজামণ্ডপ পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক
দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-৩০ ২১:২৩:০৩
সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা স্থলবন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি পূণ্যার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের আশ্বাস দেন।
বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে বাঙালির প্রতিটি উৎসবই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে উদযাপন করে। তিনি আশা প্রকাশ করেন, এ উৎসবের আনন্দে দেশের প্রতিটি মানুষ হবে অংশীদার।
তিনি আরও বলেন, বিজিবির দায়িত্ব কেবল সীমান্ত পাহারা দেওয়া নয়, মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাও আমাদের কর্তব্য। পূজার সময় সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
“ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্ন করতে বিজিবি সবসময় জনগণের পাশে থাকবে”—যোগ করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আশরাফুল হক, ৩৩ বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













