কালীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১০-০৩ ১২:৪৮:৫০
গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন আহত হয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮ টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌর এলাকা সংলগ্ন দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, নরসিংদীর ঘোড়াশালের দিক থেকে আসা ইটের শুরকি (গুঁড়ো) ভর্তি একটি ড্রাম ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
নিহতরা হলেন: অলিউল্লাহ (৪০), পিতা নুরুল হক, গ্রাম দশদোনা, মনোহরদী, নরসিংদী। আবু তালেব (২৭), পিতা মৃত শুক্কুর মাহমুদ, গ্রাম পাগলীপুর, তারাকান্দা, ময়মনসিংহ। তানিম (৪), পিতা হাফিজুর রহমান, জেলা সিরাজগঞ্জ।
তানিমকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন: হাফিজুর রহমান (৪০) এবং তার স্ত্রী ছালমা বেগম (৩৫) — উভয়ের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
উপপরিদর্শক মাকসুদুল কবির নকিব জানান, দুর্ঘটনার পর গুরুতর আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আলাউদ্দিন আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













