এবার ছাত্রদলের দায়িত্বশীল ভূমিকার প্রশংসায় বিএনপি নেতা বাবুল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১০-২০ ২১:০৭:১৯


জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সাহসী অবস্থানের কারণে ছাত্রদলের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ও সুসংগঠিত ছাত্র সংগঠন ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণায় গিয়ে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, বাংলাদেশের সেরা ও মেধাবী ছাত্রদের জড়ো করে জিয়াউর রহমান এই সংগঠন গড়ে তুলেছিলেন। গত ১৫/১৬ বছর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ ছিলো না। কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক রাজনীতির পরিবেশ ছিলো না। সেই সময়েও ছাত্রদল স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। এই বিগত সময়ে ছাত্রদলের অনেক নেতাকর্মী তাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেকে গুম হয়েছে।

৯০-এর গণঅভ্যুত্থানেও ছাত্রদলের নেতৃত্বের ভূমিকা বাদ দিয়ে উপেক্ষা করে ইতিহাস লেখা যাবে না উল্লেখ করে বাবুল আরো বলেন, সবশেষ, শেখ হাসিনা বিরোধী ২৪এর গণঅভ্যুত্থানে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। এই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

এর আগে গত শনিবার মাদারগঞ্জের বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় তিনি বলেন, হায়রে ছাত্রদল,আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেবো, নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের নেই। যোগ্যতা নাই বলেই ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ওরা (শিবির) জিতে।’ সম্প্রতি বিএনপি নেতার ক্ষোভ প্রকাশের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএইচ