নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে: গোলাম পরওয়ার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১০-২১ ২০:৩৬:৫১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে। এই সনদের মাধ্যমে দেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়ন ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই সনদে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অঙ্গের কাঠামো সংস্কারের প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে এর ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। আরও প্রায় ২০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি কিভাবে আরেকটু সহজ করে মোটামুটি আরও কিছু বিষয় আনা যায়।’
গোলাম পরওয়ায় বলেন, ‘এখন সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে যার উপর নির্ভর করে আগামী নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সরকার ও ঐকমত্য কমিশন প্রধান হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি আগামী নভেম্বরে গণভোটে দিয়ে এই জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।’
ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির প্রমুখ।
পরে শাহপুর গাজীপাড়ায় মহিলা সমাবেশ ও শাহপুর বাজারে হিন্দু সমাবেশে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













