আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-০২ ১৯:৩৭:৩২


ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ করতে চাই না। হিন্দু ভাইদেরকে অনেকেই ভয় দেখায়। এটা যেন কেউ না করে আমি পরিষ্কার করে বলতে চাই। কারণ তারাও এ দেশের নাগরিক। এই দেশের সমান অধিকার আছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের ঝাড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া (বিএনপির সাবেক চেয়ারপার্সন) তিনি সংখ্যালঘুতে বিশ্বাস করেন না। তারা সবাই এ দেশের নাগরিক। তাদেরকে সমানভাবে নিরাপত্তা দেওয়া হবে, সুরক্ষা দেওয়া হবে। নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং যাকে খুশি তাকে দেবেন, আর বাকি দায়িত্ব থাকবে মুসলমান ভাইদের। তারা হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করবে। নিরাপত্তা দেবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন।

কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

বিএইচ