দেশের প্রথম অরেঞ্জ বন্ডের অনুমোদন দিল বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-৩০ ১৮:২২:৪২
দেশের প্রথম অরেঞ্জ বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের ১ হতে ৩ বছর মেয়াদী নন কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল, আনসিকিউরড, অরেঞ্জ জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার (৩০ মার্চ) বিএসইসির ১০০৬তম জরুরি কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেওয়া হয়। এর ডিসকাউন্ট রেট হবে ৭ শতাংশ হতে ১১ দশমিক ৫০ শতাংশের মধ্যে।
অরেঞ্জ বন্ড হলো একটি বিশেষ ধরনের থিম্যাটিক বন্ড, যা মূলত লিঙ্গ সমতা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন–সংক্রান্ত প্রকল্পে অর্থায়নের জন্য ইস্যু করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে অরেঞ্জ বন্ড পরিচিত হলেও আমাদের দেশে এটি একেবারেই নতুন।
বিএসইসি জানিয়েছে, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা।
বিএসইসি সূত্রে জানা যায়, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সাজেদা ফাউন্ডেশন সম্পূর্ণরূপে তাদের মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে। অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ বিশেষভাবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা বৃদ্ধি এবং সর্বোপরি নারী ক্ষমতায়নের জন্য ব্যবহৃত হবে।
সংস্থাটি আরও জানায়, অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ আন্তর্জাতিক মান পরিপালন করে ব্যবহার করা হবে মর্মে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) সেকেন্ড পার্টি মতামত (এসপিও) দিয়েছে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














