৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে ‘জাতীয় চা দিবস’, পরিপত্র জারি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২৯ ২২:০৩:৫৭
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে।
এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে পরিপত্রে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করছে। চা উৎপাদনকারী বেশ কিছু দেশ (যেমন-ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম) ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে থাকে। আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা-বৈঠকে অনুমোদন করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














