সারাদেশে শ্রম আদালতে ২৭ হাজারের বেশি মামলা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-০১ ১৫:৪৩:৩৫


রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৩টি শ্রম আদালত রয়েছে। আর আপিল ট্রাইব্যুনাল রয়েছে মাত্র একটি। এরপরও বেশকিছু জটিলতায় এসব আদালতে মামলার জট বাঁধতে শুরু করেছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল আদালত ব্যবস্থার কারণে এখন শ্রমিকদের মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪৬টিতে। তাই বিচারপ্রার্থী শ্রমিকদের কথা বিবেচনায় দেশে শ্রম আদালত বৃদ্ধির পরামর্শ আইনজীবীদের।

প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের ১৩টি শ্রম আদালত ও একটি মাত্র শ্রম আপিল ট্রাইব্যুনালে মোট বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ৫৪৬টি। যার মধ্যে শ্রম আদালতে ২৬ হাজার ৪৫৩টি এবং আপিল ট্রাইব্যুনালে এক হাজার ৯৩টি মামলা বিচারাধীন।

তবে, শ্রম আপিল ট্রাইব্যুনালে থাকা ৭০টি মামলা স্থগিত রয়েছে উচ্চ আদালতের আদেশে। এসব আদালতে ছয় মাসের বেশি সময় ধরে বিচারাধীন মামলা রয়েছে ১৩ হাজার ৮৩৩টি।

শ্রম আপিল ট্রাইব্যুনালের প্রাপ্ত তথ্য বলছে, ঢাকার তিনটি আদালতে যথাক্রমে চার হাজার ৪৯৩, ছয় হাজার ৩৯৮ ও তিন হাজার ১৬৯টি মামলা বিচারাধীন রয়েছে। চট্টগ্রামের দুটি শ্রম আদালতে যথাক্রমে এক হাজার ৬৭০ এবং ৮৬৯টি মামলা বিচারাধীন। এছাড়া নারায়ণগঞ্জে দুই হাজার ৮১৫টি, গাজীপুরে ছয় হাজার ২৩০টি, কুমিল্লায় ৩২৬টি, খুলনায় ১৬৪টি, রাজশাহীতে ৮৫টি, রংপুরে ১০২টি, সিলেটে ৬৪টি এবং বরিশালে ৬৮টি মামলা বিচারাধীন রয়েছে।

মানবাধিকার সংগঠন রাইজ ফর রাইটস ফাউন্ডেশনের (আরআরএফ) প্রেসিডিয়াম মেম্বার ‍ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খাদেমুল ইসলাম বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রম আদালতের সংখ্যা খুবই কম। বিশেষ করে শিল্প এলাকার জন্য এটা অপ্রতুল। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো এলাকায় পৃথক শ্রম আপিল ট্রাইব্যুনাল প্রয়োজন। এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তিতে শ্রম পরিদর্শক, কল কারখানা অধিদফতর ও শিল্প পুলিশ ভূমিকা রাখতে পারে।”

এনজে