সিটিটিসি প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-০৪ ১৭:১৬:৪২


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে।

পরিদর্শনকালে সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের এ কর্মকর্তা।

সোমবার (৪ এপ্রিল) বেলা ১১টায় সিটিটিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, সাক্ষাৎকালে উভয়পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়াও সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএইচ