বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সংস্কার চলছে : বাণিজ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-০৭ ১৭:৫৫:৪৪
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংস্কার কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ ম্যাক সেরে শার্লের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
বৈঠকে উভয়পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সেবাগুলোকে আরও দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ইজ অব ডুইং বিজনেস’ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করার কাজ চলছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও কার্যকর করার উদ্যোগকে স্বাগত জানান।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














