থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-১৮ ২০:১৪:৪৩


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন। এসময় তিনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেন।

এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিএইচ