প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে বাঁধভাঙা উল্লাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-২০ ১৯:১৪:৫৮
দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্বের মঞ্চে দেখা গেল এক অভূতপূর্ব ও আবেগঘন দৃশ্য। প্রিয় প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে শত শত ক্ষুদে শিক্ষার্থীর আনন্দ-দৌড়ে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
শনিবার (২০ জুন) বিকেল চারটার দিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশসেরা ক্ষুদে ফুটবলারদের ফাইনাল ম্যাচ উপভোগ করতে এসে তিনি শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন।
পতাকা উত্তোলনের পর প্রধানমন্ত্রী ফাইনালে অংশ নেওয়া বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে মাঠ পরিদর্শনে যান। এ সময় গ্যালারিতে বসে থাকা হাজারো ক্ষুদে শিক্ষার্থীর দৃষ্টি আটকে যায় তার দিকেই।
খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী যখন গ্যালারির দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান, তখনই ঘটে ব্যতিক্রমী সেই ঘটনা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত শিশু প্রিয় প্রধানমন্ত্রীকে একনজর কাছ থেকে দেখার আকাঙ্ক্ষায় গ্যালারির সীমা পেরিয়ে মাঠের দিকে ছুটে আসে। মুহূর্তের মধ্যেই স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আনন্দ আর উচ্ছ্বাসে শিশুদের সেই ‘ভোঁ দৌড়ে’ যেন বদলে যায় পুরো দৃশ্যপট।
হঠাৎ করে শিশুদের এমন ছুটে আসায় নিরাপত্তাকর্মীদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দিলেও প্রধানমন্ত্রীর মুখে ছিল প্রশস্ত ও স্নেহময় হাসি। শিশুদের অকৃত্রিম ভালোবাসায় বিন্দুমাত্র বিরক্ত না হয়ে তিনি হাসিমুখে তাদের সঙ্গে হাত মেলান, অনেকের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন এবং হাত নেড়ে শুভেচ্ছার জবাব জানান।
একপর্যায়ে শিশুদের সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করেন। পরে মাঠের পশ্চিম পাশের রাইজারে উঠে গ্যালারিভর্তি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান, যা উপস্থিত শিশু ও দর্শকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাসের জন্ম দেয়।
এরপর বেলুন উড়িয়ে বালিকাদের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেফারির বাঁশিতে শুরু হয় খেলার লড়াই। প্রধানমন্ত্রী গ্যালারিতে বসেই উপভোগ করেন ক্ষুদে ফুটবলারদের এই শিরোপা নির্ধারণী ম্যাচ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














