‘প্রতিভার সন্ধানে’ শিগগিরই কার্যক্রম শুরু করবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-২৩ ১৯:৪৪:২৮
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মেধাবীদের খুঁজে বের করতে শিগগিরই ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার।
সোমবার (২৩ জুন) বিএফডিসি প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক ও ছুটি নগদায়নের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করবে। তৃণমূল পর্যায়ের প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের মূলধারার চলচ্চিত্রে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার বিএফডিসির হারানো গৌরব ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে এফডিসির আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ‘বিএফডিসি কমপ্লেক্স’ নির্মাণ সম্পন্ন করা হবে এবং প্রশাসনিক ভবনের পেছনে একটি আধুনিক ‘মিনি মার্কেট’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গাজীপুরের কবিরপুরে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’র দ্বিতীয় পর্যায়ের কাজও শিগগিরই শুরু হবে।
চলচ্চিত্র শিল্পে স্বচ্ছতা ও আধুনিকায়নের অংশ হিসেবে ই-টিকেটিং ও সেন্ট্রাল সার্ভার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণযন্ত্রাদি সংযোজন ও পোস্ট-প্রোডাকশন স্টুডিও আধুনিকায়নের কাজ চলছে।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, দীর্ঘদিনের পাওনা এককালীন পরিশোধের মাধ্যমে অবসরপ্রাপ্তদের ভোগান্তি কমানো হয়েছে। বর্তমানে মাত্র ৪৯ জনের পাওনা পরিশোধ বাকি রয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ, এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম সাঈদ, অভিনেতা হেলাল খান, গায়ক সাজ্জাদ হোসেন পলাশ, থালেদ এনাম মুন্না, চিত্র পরিচালক মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














