ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে সরকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-২৪ ২০:২০:৫৬
মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা, কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট এবং পুরোনো টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে গ্রাহকসেবার মান বাড়াতে সরকার এরই মধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল অপারেটরদের সেবার মান উন্নয়ন এবং গ্রাহকস্বার্থ সুরক্ষায় কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম সংক্রান্ত পদ্ধতিমালা জারি করা হয়েছে। যার হালনাগাদ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
তিনি জানান, এর ধারাবাহিকতায় নতুন জারিকৃত নির্দেশিকার আলোকে ২০২৬ সালে প্রাথমিকভাবে দেশব্যাপী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান যাচাই করা হচ্ছে।
ফকির মাহবুব আরও বলেন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকা জেলাতেও টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে কোয়ালিটি অব সার্ভিস ড্রাইভ টেস্ট পরিচালনা করা হবে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্ক চিহ্নিত করা হবে এবং সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।
আধুনিক, নিরবচ্ছিন্ন ও গ্রাহকবান্ধব মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














