শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-১৪ ১৪:৩২:৪৬
চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
এসময় শিক্ষার্থীদের, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ, আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো এবং অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, চলমান বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে এসব বিষয়ে সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, “শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন। বিভিন্ন কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনাও ঘটেছে। আমাদের দাবি, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, “এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ায় আমাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। জলাবদ্ধতা ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তারপরও পরীক্ষা স্থগিত করা হয়নি।”
তিনি আরও বলেন, “সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে পারেনি, পরীক্ষাও ভালো হয়নি। এতে আমরা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছি।”
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














