মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৬-০৭-২১ ১১:৫৭:২৩


ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড কোর (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে দুটি পৃথক মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনে দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে। এছাড়া কুয়েতে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থায় হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, এই রাডার ধ্বংসের পর শত্রুপক্ষের এবার আরও বিধ্বংসী ও শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার তরঙ্গের জন্য প্রস্তুত থাকা উচিত।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আরও হামলার দাবি জানিয়ে দ্বিতীয় আরেকটি বিবৃতি দিয়েছে আইআরজিসি।

ইরানি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত সেই বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে আঘাত হেনেছে। এই হামলায় সেখানকার একটি আগাম সতর্কতা সংকেত দেওয়া রাডার বা আর্লি ওয়ার্নিং রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি এফপিএস-১১৭ রাডার, একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমান প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এনজে