চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৭-২১ ১৩:৫৮:৪২


চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির দোতলা ছাদ থেকে পড়ে বিল্লাল নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালুথুবা এলাকার ইসলামপুর ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল মৃত শামসুল হকের ছেলে। তিনি নিজ বাড়ির দোতলা ছাদে কাজ করছিলেন।

এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার  পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

স্থানীয়দের ভাষ্য, বিল্লালের মৃত্যু ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। এলাকাবাসীও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিজ বাড়ির দোতলা ছাদ থেকে পড়ে এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীকেও শোকাহত করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনজে