সাউথ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে মতলব উত্তরের জামাল মিয়া নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-১১ ০৯:৪৬:১৪


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো.জামাল হোসেন (জামাল মিয়া) সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

এ ঘটনায় তাঁর দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহত কর্মচারী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জামাল মিয়ার বাবা মো.ছিডু মিয়া বেপারী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার-পাঁচ বছর আগে সাউথ আফ্রিকায় পাড়ি জমান জামাল হোসেন। সেখানে দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই দোকানটি পরিচালনার পাশাপাশি একজন কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় একদল সন্ত্রাসী তাঁর দোকানে হামলা চালিয়ে গুলি করলে জামাল হোসেন ঘটনাস্থলে নিহত হন। এ সময় দোকানে থাকা কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

নিহত জামাল মিয়ার বাবা-মা,স্ত্রী এবং তিন সন্তান রয়েছেন।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী বলেন, তাঁর ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। সন্ত্রাসীদের গুলিতে তাঁকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তিনি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী তাঁর ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের বাড়ি সিপাই কান্দিতে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এবিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মৃত্যুর বিষয় সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

এনজে