সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি, কিছু কাজ: পরিবেশমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৫ ১৯:০৯:১১
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল বলেছেন, আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা, এক তালে যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলে-মেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য হবে অর্থবহ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও মাদক নিয়ন্ত্রণসহ উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
দুর্নীতি দমনে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য। এরমধ্যে আর্থ-সামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন। দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়।
তিনি বলেন, দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করবো। ধরেন আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেবো। এজন্য আমি অনুরোধ করবো, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাবো। দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














