নুসরাত হত্যা মামলায় খালাস পাওয়া ৮ আসামি কারামুক্ত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-১৫ ১৮:১২:৩০
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় খালাসের আদেশ প্রাপ্ত ৮ জন গাজীপুরের কাশিমপুর ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তারা বের হন। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাকির হোসেন বলেন, জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদেরকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়। মুক্তি প্রাপ্তরা হলেন মোহাম্মদ শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ এবং মহিলা কারাগার থেকে কামরুন্নাহার মনি।
ইফতেখারের মা হাজেরা বেগম বলেন, আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছিলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার ছেলেকে বুকে ফিরে পেয়েছি। তিনি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।
মুক্তির খবরে সকাল থেকেই তাদের আত্মীয়স্বজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে অপেক্ষা করতে থাকেন। এসময় মুক্তি প্রাপ্তরা তাদের আত্মীয়-স্বজনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং ৪ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ এবং ইফতেখার হোসেন রানা। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন নুসরাতের মা শিরীন আক্তার। পরে সিরাজ উদদৌলাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদরাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় হত্যা মামলা করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














